ঢাকাশুক্রবার , ৭ নভেম্বর ২০২৫
Tanim Cargo
আজকের সর্বশেষ সবখবর

ভুয়া তথ্য ছড়িয়ে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণের অপচেষ্টা

আজকের বিনোদন
নভেম্বর ৭, ২০২৫ ৪:২৬ অপরাহ্ণ । ১০৪ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবু বক্কর সিদ্দিক, লালমনিরহাট প্রতিনিধি:সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি লালমনিরহাটে ভারতের ৬২ কিলোমিটার দখল শিরোনামে একটি বিভ্রান্তিকর ও রাষ্ট্রবিরোধী গুজব ছড়িয়ে পড়েছে। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় বিজিবির এক প্রেসবিজ্ঞপ্তিতে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন,কিছু স্বার্থান্বেষী মহল সীমান্ত এলাকায় অস্থিতিশীলতা ও জনমনে বিভ্রান্তি সৃষ্টির লক্ষ্যে অসৎ উদ্দেশ্যে এই ধরনের ভুয়া তথ্য ছড়াচ্ছে। এটি সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, বাংলাদেশের সার্বভৌম সীমান্তের প্রতিটি ইঞ্চি বিজিবির কঠোর নিয়ন্ত্রণে রয়েছে। সীমান্তরক্ষায় দায়িত্বে থাকা প্রতিটি সদস্য দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ভুয়া তথ্য বা গুজবের মাধ্যমে দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করার যে কোনো অপচেষ্টা অত্যন্ত দুঃখজনক ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের শামিল। এ ধরনের অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।

প্রেসবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য যাচাই-বাছাই ছাড়া প্রচার বা মন্তব্য করা থেকে সবাইকে বিরত থাকতে হবে। সীমান্ত সম্পর্কিত সংবেদনশীল বিষয়ে দায়িত্বজ্ঞানহীন আচরণ দেশের অভ্যন্তরে অশান্তি সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছে বিজিবি।

বিজিবি কর্মকর্তারা জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন,দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা অপপ্রচার চালাচ্ছে, তাদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tanim Cargo
Tanim Cargo