দেশে বর্তমানে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা, ফলে সামান্য জ্বর হলেও অনেকেই আতঙ্কিত হচ্ছেন। তবে প্রতিটি জ্বরই ডেঙ্গু নয় তাই সঠিক ধারণা ও সচেতনতা এখন অত্যন্ত জরুরি। চিকিৎসকেরা বলছেন, ডেঙ্গুকে অবহেলা বা ভুল ব্যবস্থাপনা অনেক সময় বড় বিপদের কারণ হয়ে দাঁড়ায়।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহর মতে, ডেঙ্গুর মৌসুমে জ্বর হলে তা গুরুত্ব সহকারে দেখা উচিত। অনেক ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে জ্বরকে গুরুত্ব না দেওয়ায় রোগীর অবস্থা খারাপ হয়ে যায়। যদি জ্বরের সঙ্গে সর্দি-কাশি, প্রস্রাবে জ্বালাপোড়া বা অন্য কোনো উপসর্গ থাকে, তা অন্য অসুখও হতে পারে তবুও সতর্ক থাকা জরুরি।
ডেঙ্গুর সাধারণ উপসর্গ : ডেঙ্গু জ্বরে সাধারণত যেসব লক্ষণ দেখা যায় এগুলো হলো:
- উচ্চমাত্রার জ্বর (১০১–১০২ ডিগ্রি ফারেনহাইট)
- মাথাব্যথা ও চোখের পেছনে ব্যথা
- সারা শরীরে পেশি ও জয়েন্টে ব্যথা
- গ্ল্যান্ড ফুলে যাওয়া
- ত্বকে লালচে দাগ বা র্যাশ
সব উপসর্গ একসঙ্গে নাও দেখা দিতে পারে, তবে যেকোনো একটি থাকলেও সতর্ক হওয়া উচিত।









