কুষ্টিয়ার ভেড়ামারায় হত্যার পর মুখ পুড়িয়ে ফেলে যাওয়া অজ্ঞাতনামা এক ব্যক্তির (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ নভেম্বর) সকালে স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে উপজেলার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর বিলপাড়ার একটি ধানের ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে ধানের মাঠে মরদেহটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তির মুখ পুড়িয়ে বিকৃত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করার পর রাতের অন্ধকারে এখানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। এখনো নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি।ভেড়ামারা থানার ওসি আব্দুর রব তালুকদার বলেন, ‘হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’









