আশিকুর রহমান :-
নরসিংদীতে দ্বাদশ শ্রেণির (২য় বর্ষ) এক কলেজ ছাত্রীকে ফিল্মি স্টাইলে অপহরণ করেছেন দুর্বৃত্তরা। অপহরণের কয়েকঘন্টা পর অপহৃত ওই কলেজ ছাত্রীকে উদ্ধার করেছেন নরসিংদী মডেল থানা পুলিশ।
বুধবার (২০ মার্চ) নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এসময় অপহরণের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস এবং তিন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলার আলোকবালি ইউনিয়নের কাজিরকান্দি গ্রামের আলাউদ্দিনের ছেলে মুজিবুর রহমান (২৩), পৌর শহরের বীরপুর কলেজ রোড় এলাকার সামসুল হকের ছেলে জিয়াউল হক মোবিন, (২০) ও ব্রাহ্মন্দী এলাকার আমিরুল ইসলামের ছেলে ইফরান আহমেদ (২১)।
মামলা সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে অপহৃত কলেজ ছাত্রী তার সহপাঠীদের নিয়ে কলেজের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। সকাল ৯টার দিকে নরসিংদী পৌরসভা সংলগ্ন সোনালী ব্যাংকের কাছে পৌঁছলে আগে থেকে উৎপেতে থাকা অপহরণকারীরা ওই ছাত্রীকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে অজ্ঞাত স্থানের উদ্দেশ্যে নিয়ে যায়। সাথে থাকা সহপাঠীরা দ্রুত কলেজের শিক্ষকদের কাছে বিষয়টি জানান। এরপর কলেজ শিক্ষকরা দ্রুত নরসিংদী সদর মডেল থানাকে বিষয়টি অবগত করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযানে নামেন। তথ্য প্রযুক্তির সহায়তায় ও ট্রাফিক ইন্সপেক্টরের সহযোগিতায় ঢাকা-সিলেট মহাসড়ককের মাধবদী এলাকা থেকে গাড়িসহ অপহরণকারীদের গ্রেপ্তার করা হয়।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ প্রতিনিধিকে জানান, অপহরণের খবর পাওয়ার পরপরই বিষয়টি জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান (পিপিএম) মহোদয়কে জানাই। তার দিকনির্দেশনায় আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে এবং ট্রাফিক পুলিশের সহায়তায় ঘটনার অল্পসময়ের মধ্যেই ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হই। সেই সাথে অপহরণকারীদেরকেও গ্রেপ্তার করি। যার নির্দেশে এ অপরাধ সংঘটিত হয়েছে সে আলোকবালি ইউনিয়নের কাজিরকান্দি গ্রামের মাইন উদ্দিনের ছেলে আনিকুল ইসলাম ওরফে আশিক। তাকেও এ মামলায় আসামী করা হয়েছে। বর্তমানে সে পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য পুলিশ অভিযান অব্যাহত রয়েছে। ভিকটিমের মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান।
মামলার বাদী জানান, মাইন উদ্দিনের ছেলে আশিক আমার মেয়েকে দীর্ঘদিন ধরে প্রেম এবং কু প্রস্তাব দিয়ে আসছিল। তার এ প্রস্তাব প্রত্যাখান করায় আজ আমার মেয়েকে তারা অপহরণ করেন। আমার মেয়েকে পুলিশের সহায়তায় অল্পসময়ের মধ্যে অপহরকারীদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।








